পুরো আড়াই বছর পর দেশে ফিরেছেন রওশন হোসেন বাপ্পী, নায়করাজ রাজ্জাকের মেজ ছেলে। আজ ২৩ আগস্ট বুধবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের শবহিমাগার থেকে রাজ্জাকের মরদেহ বের করা হয়। এরপর বাবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাপ্পী। বড় ভাই বাপ্পারাজ আর ছোট ভাই সম্রাটও তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। এ সময় হাসপাতালের ওই স্থানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতাড়না হয়।
এরপর বনানী কবরস্থানে চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, আড়াই বছর তিনি দেশে ছিলেন না। ছিলেন কানাডার টরন্টোতে। আড়াই বছর আগে বাবাকে সুস্থ দেখে গিয়েছিলেন। বাবার অসুস্থতার কথা শুনেছেন, কিন্তু আসতে পারেননি। তবে নিয়মিত যোগাযোগ রেখেছেন। বাবা, মা আর ভাইদের সঙ্গে কথা হয়েছে।
আজ ২৩ আগস্ট বুধবার ভোরে কানাডার টরন্টো থেকে ঢাকা পৌঁছান বাপ্পী। জানালেন ফ্লাইটের টিকিট পেতে সমস্যা হয়েছিল, তা না হলে আরও আগেই আসতে পারতেন।

আজ বনানী কবরস্থানে নায়করাজ রাজ্জাককে দাফন করে ফেরার পথে তিনি প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ধন্যবাদ জানান। বললেন, ‘আমার আব্বার মৃত্যুতে সরকার যে অ্যারেঞ্জমেন্ট করেছে, সে জন্য আমি প্রধানমন্ত্রী ও দেশবাসীকে ধন্যবাদ জানাই। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এত মানুষের দোয়া ও ভালোবাসা যে আমার আব্বা পেল, তা দেখে সন্তান হিসেবে আমি গর্ববোধ করছি। আমি আড়াই বছর দেশে ছিলাম না। আল্লাহর কাছে শুকরিয়া আদাই করি যে শেষ পর্যন্ত আমি আসতে পেরেছি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
গত ২১ আগস্ট সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান নায়করাজ রাজ্জাক।
ছবি: জাকির সবুজ ও সুদীপ্ত সাঈদ








