বান্দরবান পার্বত্য জেলায় শহরের নিউগুলশান এলাকায় পাহাড় ধসে ১ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। দুই দিনের টানা বৃষ্টিতে বান্দরবানে আবারো বন্যা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে আজ সন্ধ্যায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
বান্দরবানে প্রশাসন ঝুকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করছে। বন্যায় নিম্নাঞ্চলের প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে । ফলে প্লাবিত এলাকাসহ আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছে।
অবিরাম বৃষ্টি অব্যহত থাকায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীর পানি ঢুকে শহরের উজানী পাড়া, মধ্যম পাড়া, ওয়াবদা ব্রিজ, শেরেবাংলা নগর, ইসলামপুর, অফিসার্স ক্লাব, সাঙ্গু নদীর তীরসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
এছাড়াও লামা উপজেলার বাসষ্টেশন ও আশপাশের প্রায় ২ হাজার ঘরবাড়ী বন্যার পানিতে তলিয়ে গেছে। প্লাবিত এলাকার লোকজন বিভিন্ন স্কুলে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে।
সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী লোকজনরা নিরাপদ আশ্রয়ে সরে গেছে। এদিকে টানা বৃষ্টির ফলে বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।






