করোনা মহামারীর দুঃসময়ে ভার্চুয়াল মাধ্যমে দেশের আদালত ব্যবস্থা সচল রেখে দৃষ্টান্ত স্থাপন করা সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের বাজেটে বরাদ্দ বেড়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত যে বাজেট সেখানে আইন ও বিচার বিভাগের জন্য ১৮১৩ কোটি এবং সুপ্রিম কোর্টের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৪৬৪ কোটি এবং উন্নয়ন খাতে ৩৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এর আগে ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে বরাদ্দ হয়েছিল ১ হাজার ৭১৬ কোটি টাকা। যার মধ্যে পরিচালন খাতে ছিল ১ হাজার ৩১৩ কোটি এবং উন্নয়ন খাতে ছিল ৪০৩ কোটি টাকা। আর সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ১৮৭ কোটি টাকা।
দেশের ৫০ বছরের এবং আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বছরে এসে সবচেয়ে বড় এই বাজেট বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১২ শতাংশ বেশী। গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সংশোধনের পর তা ৫ লাখ ৩৯ হাজার কোটি টাকায় নেমে এসেছে।







