রাজধানীর মাছের বাজার ঢুঁ মারলেই চোখে পড়ছে ইলিশ। গত কয়েক দিন ধরেই সাগর ও নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে জাতীয় এই মাছটি। যার প্রভাব রাজধানীর বাজারেও।
ভরা মৌসুমে ইলিশে সয়লাব রাজধানীর বাজার। এ যেন ইলিশের উৎসব। বরিশাল, চাঁদপুর, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইলিশ আসছে। দামও বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় কম। আর তাই রসনাবিলাসীদের দৃষ্টি এখন ইলিশের দিকেই।
গত কয়েকদিন ধরেই শান্তিনগর, কারওয়ান বাজার, ফকিরাপুল, বাড্ডাসহ রাজধানীর প্রায় সব এলাকার মাছের বাজারে ইলিশের আধিপত্য দেখা গেছে।
মিরপুর থেকে কারওয়ানবাজারে ইলিশ কিনতে আসা হুমায়ুন কবীর জানালেন, দাম কমায় ইলিশ একটু বেশি করে কেনা হয়েছে। এক হাজার টাকার বেশি দামে বিক্রি হওয়া ইলিশের দাম নেমে এসেছে ৬০০ টাকার মধ্যে। দাম কমায় খেটে খাওয়া সাধারণ মানুষও ভিড় করছেন ইলিশের বাজারে।








