সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকে ফুটবল দুনিয়া ঝড় উঠেছিল। একই রকম উন্মাদনা উঠল রাইলি ম্যাকগ্রি’র গোলেও। তবে বাইসাইকেল কিক নয়, রাইলি মাত করলেন ‘স্করপিয়ন কিকে’ গোল করে।
ঘটনা অস্ট্রেলিয়ার ফুটবল লিগে। মেলবোর্ন সিটির পক্ষে নিউ ক্যাসল জেটসের হয়ে ‘স্করপিয়ন কিকে’ গোল করেন ১৯ বছরের রাইলি।
অস্ট্রেলিয়ান ম্যাকগ্রি পেনাল্টি বক্সের কোন থেকে স্করপিয়ন কিকে নেন। উল্টো পায়ে বল লিফ্ট করে দেন, যা গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়িয়ে যায়।
এই শট নেয়ার সময় ফুটবলাররা শরীর শূন্যে ভাসিয়ে দুই পা উল্টো করে তুলেন মাথার উপরের উচ্চতায়। তারপর বলটাকে দু’পায়ের গোড়ালি দিয়ে কিক করেন। কাঁকড়া-বিছা পোকা আক্রমণের সময় লেজকে বাঁকিয়ে ধরে বিষাক্ত হুল ফোটায়। কাঁকড়া-েবিছার সেই আক্রমণের নামানুসারে এই কিক পরিচিতি পায় স্করপিয়ন কিক হিসেবে।
এই কাজ প্রথম করেন কলম্বিয়ার গোলকিপার রেনে হিগুইতা। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম করেছিলেন গোল বাঁচানোর কাজে। পরে এই স্টাইলে গোল করেছেন ফ্রান্সের অলিভিয়ের জিরু, ম্যানচেস্টার ইউনাইটেডের হেনরিখ মাখেতারিয়ন ও জ্লাতান ইব্রাহিমোভিচসহ হাতেগোনা মাত্র কয়েকজন ফুটবলার। সর্বশেষ কাজটা করে দেখালেন অস্ট্রেলিয়ার ম্যাকগ্রি।
ঘরের মাঠের ফুটবলারের চোখ ধাঁধানো গোল দেখে দর্শকদের উত্তেজনা ছিল দেখার মত।ম্যাকগ্রি’র গোলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়া লিগের সাবেকরাও। অধিকাংশই গোলটিকে টুর্নামেন্টের সেরার তকমা দিচ্ছেন।
যদিও নিউ ক্যাসল জেটসের কোচ এরনি মেরিক জানিয়েছেন, ‘রাইলি আগে থেকেই এমন গোলের অনুশীলন করে আসছিল। তাই আমি আগে থেকেই তাকে এমন গোল করতে দেখেছি।’
নিজের গোল নিয়ে খুশি রাইলি আগামীতে আরো এমন গোল করতে চান বলে জানিয়েছেন।










