বাংলায় কোক স্টুডিও, দশ গান নিয়ে প্রথম সিজন

কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের জন্য শিল্পীরা দলবদ্ধভাবে হাঁটছে, বিভিন্ন সাংস্কৃতিক পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথমবারের মতো বাংলায় আসছে কোকা-কোলা আয়োজিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘কোক স্টুডিও’। সোমবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এর উদ্বোধন ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশ।
প্রচলিত একাধিক সংগীত প্রভাবের সংমিশ্রণ ঘটায় কোক স্টুডিও। প্রথমবারের মতো অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী বাংলা গানের রূপ ভিন্ন আঙ্গিকে তুলে ধরবে। বিভিন্ন ঘরানার শিল্পীদের একত্র করে এই আয়োজনে নতুন আঙ্গিকে গান প্রকাশ করবে।
জানা গেছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের প্রথম পর্ব প্রচারিত হবে। আর প্রথম সিজনে মোট ১০টি গান থাকবে।
সোমবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, প্রথম সিজনে বাংলাদেশের সংগীত জগতের সেরা কিছু সৃষ্টি তুলে ধরা হবে। এর মধ্যে আছে দেশি এবং পার্বত্য অঞ্চলে প্রচলিত গানসহ আরও অনেক কিছু। সংগীতের এই বিশেষ ফিউশনে শ্রোতারা মুগ্ধ হবেন আশা করা যাচ্ছে।
ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে প্রথম সিজনের থিম সং ‘একলা চলো’। বাংলাদেশের শিল্পীদের গলায় শোনা যাচ্ছে গানটি। অংশগ্রহণ করেছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক।






