বাংলাদেশ দল পৌঁছানোর আগেই একটি দুঃসংবাদ পেয়েছিল সাউথ আফ্রিকা। পেসার ভারনন ফিল্যান্ডারের ইনজুরির খবর পেয়েছিল তারা। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে আবারও বড় ধরনের ধাক্কা খেল প্রোটিয়ারা। এবার ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন দলের পেস অলরাউন্ডার ক্রিস মরিস।
মঙ্গলবার মরিসের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন সাউথ আফ্রিকার ম্যানেজার মোহামেদ মোজাসি। তিনি আবার দলের মেডিকেল ডাক্তার।
তবে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও সীমিত ওভারের সিরিজে মরিসকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সাউথ আফ্রিকা। ১৫ অক্টোবর থেকে টাইগার ও প্রোটিয়ারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
মরিসের ছিটকে পড়ার দিনেই নতুন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় ক্রিকেট সাউথ আফ্রিকা।
দায়িত্ব নিয়েই পেসার সংকটে পড়তে হচ্ছে ক্যারিবীয়ান কোচকে। মরিসের আগে ডেল স্টেইনও ছিটকে পড়েছেন টেস্ট সিরিজ থেকে।
আগামী ২৮ সেপ্টেম্বর পচেস্ট্রমে শুরু হবে দুদলের প্রথম টেস্ট। আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৬ অক্টোবর।








