ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্টুয়ার্ট ল। দুই বছরেরও কম সময় কাজ করে দায়িত্ব ছাড়ছেন অস্ট্রেলিয়ান এ কোচ। অক্টোবরে ভারত ও নভেম্বরে ক্যারিবীয়দের বাংলাদেশ সফর শেষেই সরে দাঁড়াবেন ল।
ল’র অধীনেই ২০১৯ বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। অশান্ত ক্যারিবীয় ক্রিকেটে ক্রিস গেইলসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে আবারও দলে ফিরিয়েছেন তিনিই।
ফিল সিমন্সের কাছ থেকে ২০১৬’র সেপ্টেম্বরে উইন্ডিজের দায়িত্ব নেন ল। ওই সময় সিমন্সকে বরখাস্ত করে ক্যারিবীয় বোর্ড।
ক্যারিবীয়রা ল’র কোচিংয়ে ১৫টি টেস্ট খেলে ৬টিতে জয় পেয়েছে। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে ৩২২ রানের বিশাল জয়ও রয়েছে। এছাড়া জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে তার শিষ্যরা।
টেস্টের চেয়ে অবশ্য টি-টুয়েন্টিতেই বেশি সফল ল’র ওয়েস্ট ইন্ডিজ। ১৯ ম্যাচে ৮টিতে জয় পেয়েছেন গেইল-পোলার্ডরা।
তবে ওয়ানডের গল্পটা ছিল পুরোপুরি আলাদা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় দল। ২০১৯ বিশ্বকাপ নিশ্চিত করতে হয় আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলে।
ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার পর ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের দায়িত্ব নেবেন ল। এর আগে কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারকেও কোচিং করিয়েছেন সাবেক অজি ক্রিকেটার। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলেরও কোচ ছিলেন তিনি।








