জুনে ইংল্যান্ডে বসতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আসরের ম্যাচগুলোর দায়িত্ব পাওয়া আম্পায়ারদের নাম প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলো কারা পরিচালনা করবেন সেই নামগুলোও জানা গেল। তালিকায় আছেন ইয়ান গৌল্ড এবং আলিম দার। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই দুই আম্পায়ার।
তবে বাংলাদেশের সবগুলো ম্যাচে মূল আম্পায়ারের দায়িত্বে থাকছেন না দার-গৌল্ড। ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইয়ান গৌল্ড। একই ম্যাচে মূল আম্পায়ারের ভূমিকায় থাকবেন নাইজেল লং এবং ক্রিস গিফানি।
আর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ৭ জুনের ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পড়েছে আলিম দারের কাঁধে। মাঠে থাকবেন ইয়ান গৌল্ড এবং নাইজেল লং। তবে ইংল্যান্ড ম্যাচে থাকছেন না এই দুই আম্পায়ারের কেউই।
ওভালে ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। তার আগে ২৭ মে ভারত এবং ৩০ মে পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।
গত ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টারে ভারতের বিপক্ষে ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এসেছিল আলিম দার এবং ইয়ান গৌল্ডের থেকে। তাদের সিদ্ধান্তগুলোর সবকটিই বাংলাদেশের বিপক্ষে যায়। ম্যাচটাও হেরে যায় টুর্নামেন্ট জুড়ে উড়তে থাকা টাইগাররা। সমালোচনার ঝড় ওঠে দেশে-বিদেশে।








