গুলশান হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের উন্নয়নে সব ধরণের সহযোগিতা অব্যাহত
রাখার ঘোষণা দিয়েছেন জাইকা প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা। তবে জাইকার
কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানিয়েছেন
তিনি।
জাইকার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তিনি জঙ্গি হামলায় ৭ জাপানি নাগরিক নিহত ও একজন আহত হওয়ার ঘটানায় গভীর শোক প্রকাশ করে বলেন, হতাহতরা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
গত অক্টোবরে বাংলাদেশের উত্তরাঞ্চলে এক জাপানি নাগরিককে হত্যার পর জাইকার সব কর্মীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি তাদেরকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শও দেয়া হয়েছিল।
তারপরও সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন কিতাওকা। জঙ্গি হামলায় আহত এক জাপানীর পরিবারকে সার্বিক সহায়তার কথা জানান জাইকা প্রেসিডেন্ট।
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০ জিম্মির মধ্যে ৭ জন ছিলেন জাপানের নাগরিক।










