সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নেমে ১৪২ রানের জুটি গড়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই এক জুটিতেই হয়েছে কয়েকটি রেকর্ড। এটি সাকিব-মুশফিকের পঞ্চম শতরান জুটি, যা বাংলাদেশের সর্বোচ্চ। সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েছে।
১২তম ওভারে যুক্ত হয়ে ৩৬তম ওভারে বিচ্ছিন্ন হয়েছেন সাকিব-মুশফিক। সাকিব ৮৪ বলে ৭৫ করে ফিরলে ভাঙে জুটি। তার আগেই হয়ে গেছে রেকর্ড। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ১৪২ রানের জুটির রেকর্ড।
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ জুটির আগের রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহ ও মুশফিকের। পঞ্চম উইকেট জুটিতে। গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে মাহমুদউল্লাহ ও মুশফিক জুটিতে তুলেছিলেন ১৪১ রান।
এদিন দেশের হয়ে সর্বোচ্চ পাঁচটি শতরানের জুটির রেকর্ড ছুঁয়েছেন সাকিব-মুশফিক। পাঁচটি করে শতরানের জুটি আছে আরও দুই ভাগিদারের। জুটিতে পাঁচবার শতরান ছুঁয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ও সৌম্য সরকারেরও আছে পাঁচটি করে শতরানের যৌথ প্রযোজনা।







