বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে ইংলিশদের নিরব প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে প্রচণ্ড গরম। নিজেদের দেশের ঠান্ডা আবহাওয়া থেকে এসে গরমে এক প্রকার নাজেহাল ইংলিশরা।
সেই গরম মাথায় নিয়ে নিজেদের বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মাঠে ইংল্যান্ড দল। আজ নারায়নগঞ্জের ফতুল্লার তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রী সেলসিয়াস। নিজেদের দেশে যেখানে ৭ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসে খেলে অভ্যস্ত, সেখানে বাংলাদেশের আবহাওয়া ৩২ থেকে ৩৪ ডিগ্রী সেলসিয়াস তাদের জন্য একটি বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
গতকাল মিরপুরে ৩২ ডিগ্রী সেলসিয়াসে ইংলিশরা অনুশীলন করে প্রায় গলদঘর্ম। অনুশীলনে যতোটা না ব্যাট বল নিয়ে ব্যস্ত থাকার কথা দলের তা না করে তোয়ালে আর ‘আইস ব্যাগ’ নিয়েই বেশি ব্যস্ততা দেখা গিয়েছিলো তাদের।
জানা যায়, গরমের তীব্রতা এতোই ছিল যে ইংলিশ পেসাররা বল করেন নি, আর ব্যাটসম্যানরা এক ওভারের বেশি বোলিং প্রাকটিস করেন নি।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এই নিরব প্রতিপক্ষ দিয়ে বাড়তি সুবিধা আদায় করা যাবে বলে মনে করছেন টাইগার সমর্থকরা।







