বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে নির্বাচন নিয়ে নানা অনিয়ম-সহিংসতার ‘পূর্ণাঙ্গ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ’ সমাধান চেয়েছে যুক্তরাজ্য।
দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিভাগের (এফসিও) এশিয়া ও প্রশান্ত অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল জানতে পেরেছি। আমি নির্বাচনে বিরোধী সবগুলো দলের অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছি।
কিন্তু বিরোধী দলগুলোর নির্বাচনী প্রচারণা বন্ধ বা ব্যহত করতে গ্রেপ্তার এবং ভোটগ্রহণে অনিয়মের কারণে অনেকেরই ভোট দিতে না পারার মতো বিশ্বাসযোগ্য অনেকগুলো খবর সম্পর্কেও আমি সচেতন।’
‘তাই আমি নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের অভিযোগের পূর্ণাঙ্গ, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ সমাধানের জোর আহ্বান জানাচ্ছি,’ বলেন প্রতিমন্ত্রী।
নির্বাচনী প্রচারণাকালে ভয়ভীতি প্রদর্শন এবং সহিংসতার নিন্দা জানিয়ে এর ধারাবাহিকতায় নির্বাচনের দিন হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি তিনি সমবেদনা জানান।
মার্ক ফিল্ড বলেন, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যে কোনো সক্রিয় গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক। এই মুহূর্তে বাংলাদেশের জনগণের স্বার্থের কথা ভেবে পারস্পরিক বিভেদ দূর করার জন্য সরকার এবং সবগুলো রাজনৈতিক দলের একসঙ্গে কাজ করা প্রয়োজন।
‘বাংলাদেশ এবং যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আমাদের একটি বিস্তৃত ও গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের মানুষের আরও বেশি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের আকাঙ্ক্ষার প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব,’ বলেন ফিল্ড।








