ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পেয়েছেন পাকিস্তানের সাবেক এক ক্রিকেটার। ‘পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না দিতেই বাংলাদেশের কাছে হেরেছে ভারত,’ এমনই দাবি সরফরাজ নেওয়াজ আলীর।
পাকিস্তানের বেসরকারি চ্যানেল দুনিয়া টিভি’র ক্রিকেট পর্যালোচনা অনুষ্ঠানে অর্বাচীণের মতো ওই দাবি করে বসেন তিনি।
তার আরো হাস্যকর দাবি: এই জয়ে সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকেরও ভূমিকা আছে।
উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে আলী বলেন, ‘ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। কারণ ভারত চায় না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলুক। এ কারণে বিশেষ একটি মিটিং হয়েছে।’
কয়েকদিন আগেই বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। তবে ওইজন্য বাংলাদেশকে কৃতিত্ব দেওয়ার বদলে দল নির্বাচনে পাকিস্তানি নির্বাচকদের দুর্বলতার কথা উল্লেখ করে টেস্ট সিরিজের কথা বলতে থাকেন সরফফরাজ।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার দিবা-রাত্রির দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ভারত।






