বাংলাদেশের কাজটা সহজ হবে না

চট্টগ্রাম থেকে: জয়, হার, ড্র- ক্রিকেটীয় ফলের তিন সম্ভাবনাই আগলে রেখেছে চট্টগ্রাম টেস্ট। কিন্তু চতুর্থদিনের পর পাল্টাটা শ্রীলঙ্কার দিকে এমনভাবে হেলে আছে, জয়ের কথা ভাবলে শক্তভাবে এগিয়ে থাকছে সফরকারীরাই। উল্টোটা বাংলাদেশের ক্ষেত্রে, হারের কথায় শুরুতে নাম আসছে স্বাগতিকদেরই। তাইজুল অবশ্য ম্যাচ বাঁচাতে আত্মবিশ্বাসী। সহজ হবে না জেনেও বাংলাদেশ যে ড্রয়ের স্বপ্ন দেখছে সংবাদমাধ্যমের সামনে সেটিই জানিয়ে গেলেন এ স্পিনার।
সম্ভাবনা এখন যেমন, হার এড়াতে পারলেই খুশি থাকবে বাংলাদেশ। ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা স্বাগতিকরা চতুর্থ দিনের শেষ সেশনে ২৬.৫ ওভার খেলে ৮১ রান তুলতেই হারিয়ে বসেছে ৩ উইকেট। অথচ এখনও ১১৯ রানে পিছিয়ে আছে। টপঅর্ডার সাজঘরে, পঞ্চম দিনের লড়াইটা টেনে নেয়ার ভার মিডলের। দল সেটা পারবে বলেই ভাবছেন তাইজুল।
‘ভাবার অনেককিছু আছে। আবার কিছুই নেই। আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। যদিও পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। তারপরও ব্যাটসম্যানরা ভাল খেলতে পারলে, আমরা ভাল কিছু করবো।’
তাইজুল স্পিনার হলেও ব্যাটিংটা অল্পস্বল্প পারেন। অভিজ্ঞতা থেকে বিশ্লেষণ করে জানাচ্ছেন পঞ্চম দিনে উইকেটের বিরূপ আচরণের সামনে পাড়তে হতে পারে বাংলাদেশকে।
‘উইকেট যে ব্যাটসম্যানদের পক্ষে নেই, তা বলবো না। পঞ্চম দিনে বোলাররা বিভিন্ন জায়গা থেকে বোলিং করে। রাউন্ড দ্যা উইকেটে, ওভার দ্যা উইকেটে। এ কারণে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে যায়। একেকটা ব্যাটসম্যানকে একেক দিক থেক আক্রমণ করে। এভাবে ক্ষত হওয়ার কারণে অনেক সময় খারাপ বলও কঠিন হয়ে যায়। আমার মনে হয়, আমাদের টিকে থাকা কঠিনই হবে। খুব একটা সহজ হবে না।’




