অসৌজন্যমূলক আচরণ করে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শওকত আজিজ রাসেলকে সপরিবারের এয়ার কানাডার ফ্লাইট থেকে নামিয়ে দেয়া হয়েছে।
তাদেরকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার সময় বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের নিয়ে কানাডার টরন্টো থেকে এয়ার কানাডার ফ্লাইটে লন্ডনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
শওকত আজিজ রাসেল বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ ‘পারটেক্স’ এর কর্ণধার আবুল হাসেমের ছেলে। রোববার ফেসবুকে শওকত আজিজ রাসেলের পোস্ট করা একটি ভিডিওতে ঘটনার বিস্তারিত দেখা যায়।
এতে দেখা যায়, প্লেনে শওকত আজিজ রাসেল ৮ বছরের মেয়ে, একজন নারী ও একজন পুরুষ সদস্যকে নিয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন, প্লেনে তিনজনের সিট একসঙ্গে দিলেও ভুল এয়ার কানাডার ভুলের কারণে তার মেয়েকে আলাদা বসতে হয়। ছোট মেয়ে পরিবারকে ছেড়ে আলাদা বসতে চায় না, কান্নাকটি করে। তারা সমস্যার সমাধানে সিট পরিবর্তনের কথা বলেন, এমনকি তাদের অন্য ফ্লাইটে দেয়ারও আহ্বান জানান। শওকত আজিজ পাইলটের সঙ্গেও কথা বলতে চান।
কিন্তু এসময় শওকত আজিজের ছোট মেয়ে মানসিক চাপে ঘটনাচক্রে বলে ফেলে, ‘আই উইশ এয়ার কানাডা ব্লো’। এই কথায় আপত্তি তোলেন ফ্লাইটের এক নারী ক্রু। তিনি বিষয়টিকে নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ ডাকা হয়। পরে পুলিশ এসে শওকত আজিজ পরিবারকে বাইরে যাওয়ার অনুরোধ করেন। এসময় ওই পরিবারের একজন নারী তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হলো বলে পুলিশকে বার বার জানান। এরপরও পুলিশ কোন ব্যবস্থা না নিয়ে তাদের বাইরে নিয়ে যায়।
পরে বাইরে পুলিশ শওকত আজিজ রাসেলের পাসপোর্ট নিয়ে বিভিন্ন তথ্য লিখতে থাকেন। পুলিশ কোন ব্যবস্থা নিবে কিনা, জানতে চাইলে পুলিশ জানায় তাদের কিছু করার নেই, তারা শুধু তাদের দায়িত্ব পালন করছেন। তারা জানায়, কেউ যদি তাদের সম্পদ ব্যবহার করতে না দেয়, তাহলে তাদের কিছু করার নেই, এটা এয়ার কানাডার সম্পদ, তাই তারা ব্যবহার করতে না দিলে কী করার আছে।
এসময় পুলিশের সঙ্গেও শওকত আজিজের বাকবিতণ্ডা হয়। তিনি বার বার পুলিশকে বলেন, একজন ৮ বছরের মেয়ের কথায় আপনারা এমন সিদ্ধান্ত নিলেন। এরমধ্যে একজন পুলিশ সদস্য তাকে মাতাল বলেও উল্লেখ করেন।
এ ধরণের হয়রানির কারণে ব্যবসায়ী শওকত আজিজ রাসেলের পরিবার আর এয়ার কানাডায় ভ্রমণ করবেন না বলেও উল্লেখ করেন।
পুরো ভিডিওটি এখানে:









