বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আনতে চেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ঢাকায় এসে বুঝতে পারি নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা ক্রিকেটারদের ভেতর নেই।’
হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। পরিবারকে বেশি সময় দিতে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হয়েছেন।
সাবেক কোচের অধীনে বাংলাদেশ দারুণ সব সাফল্য পায়। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফীরা। দেশের মাটিতেও মাশরাফীদের কাছে বড় বড় দল হেরেছে। হাথুরু প্রায়ই বলতেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে চমকে দিতে চান।
শ্রীলঙ্কার কোচ হয়ে প্রথমবারই বাংলাদেশে এসেছেন তিনি। ফাইনালে সাবেক শিষ্যদের হারিয়ে জিতেছেন ত্রিদেশীয় সিরিজ।
বাংলাদেশি খেলোয়াড়দের মানসিকতার কথা বলতে গিয়ে হাথুরু বলেন,‘তাদের (খেলোয়াড়দের) পরাজিত মানসিকতা ছিল। যা আছে তাই নিয়ে সবাই খুশি থাকত। এই দুইটা দিকে আমি পরিবর্তন এনেছিলাম।’
বাংলাদেশে থাকার সময় হাথুরুসিংহেকে শতভাগ সমর্থন দিত দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার চাওয়া মতো দ্বিস্তর নির্বাচক কমিটি করা হয়। এতদিন পর হাথুরু একটি বিষয়ের কথা বললেন, যেখানে নাকি বিসিবির সহযোগিতা পাননি।
‘জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেট এবং এ দলের সঙ্গে সমন্বয় করার সহযোগিতা বিসিবি থেকে পাইনি। জাতীয় দলের জন্য এ দলই এগিয়ে যাওয়ার মাধ্যম। শ্রীলঙ্কার এই দিকে নজর দিতে হবে।’








