রোহিত শর্মাকে ফিরিয়ে সাকিব আল হাসান টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়লেন ঠিকই কিন্তু ৩ ওভারে হজম করলেন ৩৭ রান। তানজিম হাসান সাকিব পরে জোড়া শিকারের দেখা পেলেও ভারতের রানের লাগাম টেনে ধরা যায়নি। সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ১৯৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।
সেন্ট ভিনসেন্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ১৯৬ রান। হার্দিক পান্ডিয়া ২৭ বলে ফিফটি পূর্ণ করে অপরাজিত থাকেন।
ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ৩৯ রানে রোহিতকে আউট করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। পরে জোড়া শিকারের দেখা যান তানজিম হাসান সাকিব। কোহলিকে বোল্ড করেই থামেননি। ওই ওভারেই সূর্যকুমার যাদবকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান। চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট শিকার করে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তরুণ পেসার।







