বলিউডের জন্য ২০১৮ বিশেষ বার্তা বয়ে আনছে। অনেক দিন ধরে রুপালি পর্দায় না আসা কিংবা হাতে গোনা খুব কম চলচ্চিত্রে কাজ করা বলিউডের পাঁচ শক্তিশালী অভিনেত্রী এ বছর হাজির হচ্ছেন নিজেদের নতুন কাজ নিয়ে। এক নজরে দেখে আস যাক, নতুন ভাবে কারা ফিরছেন বলিউডের পর্দায়-
রানী মুখার্জি : কন্যা আধিরার জন্মের পর অনেক দিন পর্দার বাইরে ছিলেন রানী। এ বছর ফেব্রুয়ারিতে আসছে রানীর নতুন চলচ্চিত্র ‘হিঁচকি’। এখানে রানীর চরিত্র এক শিক্ষকের যার একটু পর পর হেঁচকি ওঠার অসুখ আছে। ছবি মূল বিষয় এই হেঁচকিই। আসন্ন ছবি নিয়ে দারুণ আশাবাদী সবার প্রিয় রানী।
কারিনা কাপুর খান: কারিনা কাপুর ছেলে তৈমুরের জন্মের পর ফিরছেন ‘ভিরি দি ওয়েডিং’ নিয়ে। রিয়া কাপুরের প্রযোজনায় এই চলচ্চিত্রের শুটিং শুরুর আগেই কারিনার গর্ভে তৈমুর চলে আসায় থেকে থাকে এই চলচ্চিত্রের কাজ। তবে, রিয়া হতাশ হননি, কারিনার বদলে অন্য কাউকেও নেননি। ধৈর্য ধরে অপেক্ষা করেছেন নায়িকার প্রত্যাবর্তনের জন্য। কারিনাও খুব বেশি সময় নেননি। কম সময়েই নিজের আগের ফিগারে ফিরে গিয়ে শুরু করে দিয়েছেন এই সিনেমার কাজ।
প্রিয়াঙ্কা চোপড়া: ২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ এর পর আর বলিউডে পাওয়া যায়নি সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াকে। বক্স অফিসেও সাফল্যের মুখ দেখেনি এই চলচ্চিত্র। এর মাঝে হলিউড নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পিসি। ‘কোয়ান্টিকো’র তৃতীয় সিরিজের কাজ শেষ করা প্রিয়াঙ্কা খুব শীঘ্রই তাঁর নতুন বলিউড প্রোজেক্টের ঘোষণা দেবেন বলে জানা গেছে।
ঐশ্বরিয়া রাই বচ্চন: ২০১৫ সালের পর আর পর্দায় পাওয়া যায় নি সাবেক বিশ্বসুন্দরী এই বচ্চন বধূকে। দুই বছর পর রাজকুমার রাও ও অনিল কাপুরের সাথে ‘ফ্যানে খান’ এ দেখা যাবে তাঁকে। শুধু ‘ফ্যানে খান’ নয়, ঐশ্বরিয়ার হাতে এখন আছে আরও কয়েকটি ছবির কাজ। বলাই যায়, একদম আটঘাট বেঁধেই বলিউডে ফিরছেন তিনি।
মাধুরী দীক্ষিত: ২০১৪ সালে জুহি চাওলার সাথে ‘গুলাবি গ্যাং’ নিয়ে দর্শকের সামনে শেষবারের মতো প্রধান কোন চরিত্র নিয়ে এসেছিলেন বলিউডে নাচের রানী মাধুরী দীক্ষিত। এবার ‘টোটাল ধামাল’ নিয়ে ২০১৮ সালে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, অনিল কাপুরের সঙ্গে পর্দায় দেখা যাবে মাধুরীকে। এ চলচ্চিত্রের মাধ্যমে ১৭ বছর পর অনিল কাপুরের সঙ্গে একসঙ্গে কাজ করছেন মাধুরী।







