কলকতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি মুখর হয়েছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় রবীন্দ্র ভারতী উৎসব।
রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই আঙ্গিনায় মঞ্চস্থ করেছেন বাল্মিকী প্রতিভাসহ অনেক নাটক। বিভিন্ন নাটক ও গানে মুখর হয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। সেখানেই রবীন্দ্র ভারতী উৎসবের আয়োজন। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
রবীন্দ্রনাথের স্মৃতিময় ভূমিতে গান করে যেমন উচ্ছ্বসিত শিল্পী, তেমনি সন্তুষ্ট আয়োজকরাও।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী বলেন, এই অনুষ্ঠানটা প্রথম বছর ছিল দুইদিনের। এবার আমরা করেছি চারদিনের। আমাদের ইচ্ছা আছে প্রতি বছর শীতে এই আয়োজন করবো।
রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, এখানে শুধু গান গাওয়া নয়, এই জায়গায় বসে গান করা অন্য রকম একটা অনুভূতি।
তৃতীয় রবীন্দ্র ভারতী উৎসব সফল হওয়ায়, প্রতি শীতেই এমন আয়োজন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






