আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের সামাজিক সংগঠন ‘Team Bangladesh in UAE’ এবং ‘RBS’ এর আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশের দুর্যোগে সাহায্যের লক্ষ্যে এগিয়ে এসেছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল।
আরব আমিরাতে অনুমোদন ছাড়া সহযোগিতার জন্য টাকা তোলা দণ্ডনীয় অপরাধ। সেজন্য শারজাহ চ্যারিটির পক্ষ থেকে ২০০টি খালি ত্রাণ বক্স দেওয়া হয়েছে টিম বাংলাদেশের হাতে।
ত্রাণ বক্সগুলো বিভিন্ন কোম্পানি, সাধারণ প্রবাসী, কমিউনিটি, ব্যবসাপ্রতিষ্ঠানে দেওয়া হবে এবং ১৫ দিন পর তা ফিরিয়ে আনা হবে। চ্যারিটির নিজস্ব নিয়ম মোতাবেক উক্ত বক্স কেউ খুলতে পারবে না। শারজাহ চ্যারিটি কর্তৃপক্ষ নিজেরাই খুলবে এবং নিজেরাই বাংলাদেশে গিয়ে নিজ হাতে ত্রাণ বিতরণ করবে।
টিম বাংলাদেশের পক্ষে উপদেষ্টা রাফিকুল্লাহ গাজ্জালী এবং টিমের সদস্য শেখ তৌহিদ, মোহাম্মদ ইসমাইলসহ সকল সদস্য প্রবাসীদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘বন্যার্তদের সহযোগিতা করুন’ লিখা সম্বলিত বক্স যেখানেই পাবেন সাধ্যমতো এক দিরহাম, দুই দিরহাম, দশ দিরহাম যে যতো পারেন দান করে দেশের অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ান।
শারজাহ চ্যারিটি আন্তর্জাতিক ভাবে স্বচ্ছতা এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত। সেজন্য টিম বাংলাদেশ শারজাহ চ্যারিটির শরণাপন্ন হয়।







