বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর অবস্থান জানতে পারছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন। যুক্তরাষ্ট্র, ইটালি এবং কোরিয়ার ল্যান্ডিং স্টেশনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই স্যাটেলাইটের অবস্থান জানতে পারছে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন। স্যাটেলাইটের সঙ্গে গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ হওয়ার কথা নিশ্চিত করেছেন এক কর্মকর্তা।
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে যাত্রা শুরু করে।
এই ঐতিহাসিক যাত্রার মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট শক্তিধর দেশের তালিকায় ৫৭ তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।
কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ প্যাড ৩৯-এ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের মহাকাশ জয়যাত্রা শুরু হয়। যে লঞ্চ প্যাড থেকে ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১ সেই একই জায়গা থেকে তিন হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুরু করলো মহাকাশে পৌঁছানোর মহাযাত্রা।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১। রয়েছে বাংলাদেশ সরকারের মনোগ্রাম।
প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল স্যাটেলাইট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়।






