ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের ত্রিভুবন বিমানবন্দরের বিধ্বস্ত হয়ে ৫১ জন মারা গেছেন। ১২ মার্চ দুপুরে ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণ করল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। সংগঠনটির সভাপতি ও চিত্রনায়ক ফারুক নিজে সেখানে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন সংগঠনের নেতা চিত্রনায়িকা নূতন ও অন্যান্য সদস্যরা।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। এসময় তারা প্রত্যেকে বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করেন। সেই সঙ্গে শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেন। সে সময় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও চিত্রনায়ক ফারুক বলেন, যারা এই দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন তারা আমাদের ভাই, কারো সন্তান, কারো স্ত্রী, বোন। খবরটা জানার পর ভীষণ খারাপ লেগেছিল। দেশের ইতিহাসে এত বড় বিমান দুর্ঘটনা ও এত মানুষের প্রাণহানী আগে হয়েছে কিনা আমার নেই। নিহতদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। নিহদের পরিবারের স্বজনদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, গেল সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ‘ইউএস-বাংলা’র বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ৭১ আরোহীদের মধ্যে এ পর্যন্ত নিহত হয় ৫১ জন।
ছবি: সাকিব উল ইসলাম








