আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি গোষ্ঠী বা দলের নয়, তিনি সর্বজনীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে দেশ যেমন ঐক্যবদ্ধ হয়েছিলো তেমনি এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের জীবদ্দশায়ই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে পারবো।
মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিকলীগ আয়োজিত জাতির জনকের ৪০তম শাহাদতবার্ষিকীর আলোচনা ও স্মরণ সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার শক্তি কারো নেই। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু এখনও রয়েছেন। থাকবেনও। ১৫ আগস্ট তার ৪০তম শাহাদতবার্ষিকীর দিনে তা আবারও প্রমাণ করেছে দেশব্যাসী। বঙ্গবন্ধু দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠছেন। তার আদর্শ আরও ছড়িয়ে পড়ছে যোগ করেন আশরাফ।
তিনি বলেন, এখন গ্রামে গ্রামে প্রজেক্টর দিয়ে সাধারণ মানুষ বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্র দেখছে। তাকে স্মরণ করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা জীবদ্দশায় প্রতিষ্ঠিত করতে পারবো। এ জন্য ৭১ এর মতো দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
আয়োজক সংগঠন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।







