একের পর এক হত্যাকাণ্ডের বিচার হয় না বলেই লেখক প্রকাশকদের উপর এমন হামলা হচ্ছে বলে অভিযোগ করেছেন লেখক-প্রকাশক-সাহিত্যিকরা। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার প্রতিবাদ সমাবেশে হত্যাকারী এবং যারা হত্যাকারীদের বিচার করছে না, উভয়েরই শুভ বুদ্ধির উদয় হোক এমন আশা প্রকাশ করেছেন তারা।
এক প্রকাশক হত্যা এবং ৩ জনকে হত্যা চেষ্টার পর থেকেই রাজপথে প্রতিবাদ জানিয়েছেন লেখক- প্রকাশকরা।
শুক্রবার রাজধানীর আজিজ সুপার মার্কেটের সামনে “বিচার চাই না, শুভ বুদ্ধির উদয় হোক’ এমন শ্লোগান নিয়ে প্রতিবাদমুখর হয়েছিলেন তারা। বিচার না হওয়ার অভিযোগ যেমন ছিলো, তেমনি বাকি লেখক-সাহিত্যিকদেরও প্রতিবাদে সামিল হওয়ার আহবান ছিলো সমাবেশে।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সরকার এবং যারা অদৃশ্য ঘাতক তাদের উদ্দেশ্য বলতে চাই, যদি আপনাদের নিজেদের যৌক্তিক ক্ষমতা থাকে এবং আপনাদের যুক্তির বক্তব্য শক্তিশালী মনে করেন, তাহলে লেখার উত্তর লেখা দিয়ে দিতে কেনো এতো ভয়?’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক বলেন, একপক্ষ ঠিকই আক্রমণ করে তাদের টার্গেট অর্জন করছে। আর একপক্ষ দায়িত্ব পালনে উদাসীনতা, অযোগ্যতা ও ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
সঙ্গীত শিল্পী ও সংগঠক অরুপ রাহী বলেন, জণগণের সামনে যদি একটি শুভবুদ্ধির পথ দেখাতে না পারি, তবে বাংলাদেশের কবি লেখক বুদ্ধিজীবী সমাজ আর একটি ব্যর্থতার নজির স্থাপন করবে।
সমাবেশ শেষে লেখক-কবিরা নিজেদের বই জ্বালিয়ে প্রতিবাদ জানান হত্যাকাণ্ড-হামলার। আহবান জানান, অন্ধকারকে পাশ কাটিয়ে এভাবেই আলোর পথে আসুক সবাই।






