নেইমার মেজাজ হারালেন। এমবাপে লালকার্ড দেখে বাইরে চলে গেলেন। এমন আগুনে ম্যাচে রেঁনেকে ৩-২ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে উঠেছে পিএসজি।
এই নিয়ে টানা পঞ্চমবারের মতো লিগ কাপের ফাইনালে উঠলো পিএসজি। আগের চারবারই শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। এই প্রতিযোগিতায় সবশেষ তারা হেরেছে ২০১২ সালে।
নেইমার গোল পাননি। ২৪তম মিনিটে থমাস মুনিয়ের গোল করে দলকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে বাকি গোল দুটি করেন মারকুইনহোস এবং সেলসো।
৬৪তম মিনিটে বড় একটা ধাক্কা খায় পিএসজি। এক খেলোয়াড়কে পিছন থেকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফেরা ফরাসি ফরোয়ার্ড এমবাপে।
রেঁনে তাদের দুটি গোল পায় ম্যাচের একদম শেষ দিকে। ৮৫তম মিনিটে দিয়াফ্রা সাকো। এবং যোগ করা সময়ে পেরিসিচ।









