বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে ৮৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে আনার পরিকল্পনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে রেড ডেভিলদের এই পরিকল্পনার কথা প্রকাশ করেছে স্পানিশ গণমাধ্যম এল ন্যাশিওনাল।
২০১৯ সালের জুলাইয়ে ইউরোপের সেরা মিডফিল্ডারদের একজন হিসাবে বিবেচিত ডি ইয়ংকে মোটা অংকের টাকার বিনিময়ে দলে টেনেছিল বার্সেলোনা। তবে বর্তমান আর্থিক দুরাবস্থার কথা বিবেচনা করে ক্লাবটি তাকে ছেড়ে দেয়ার চিন্তা করছে বলে জানা গেছে। মিডফিল্ডে ধার বাড়াতে এই সুযোগ কাজে লাগাতে চায় ম্যানইউ।
এখন পর্যন্ত বার্সার হয়ে ১১১টি ম্যাচ খেলা ডি ইয়ং ১০ গোল করেছেন। পাশাপাশি ১৪টি গোলে তিনি অ্যাসিস্ট করেন।
ডি ইয়ংকে এর আগে ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে নিতে বার্সেলোনাকে প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে টাকার অংকটি কাতালান ক্লাবটির যথেষ্ট বলে বিবেচিত হয়নি সেসময়। এবার তাই রেড ডেভিলরা আরও বড় অংকের প্রস্তাব দেয়ার ছক এঁকেছে।
আগে থেকেই গুঞ্জন ছিল, ম্যানইউ ছেড়ে চলে যেতে পারেন ফ্রেঞ্চ ফুটবলার পল পগবা। বারবার ইনজুরিতে পড়ায় ওল্ড ট্রাফোর্ডে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। উরুর ইনজুরির কারণে আগামী জানুয়ারি পর্যন্ত তিনি মাঠের বাইরে ছিটকে গেছেন। ততদিনে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তি শেষ হয়ে যাবে। চুক্তি শেষ হলে জানুয়ারিতে যে কোনো ক্লাবের সাথে আলোচনায় বসতে পারবেন পগবা। সেক্ষেত্রে কোনো ট্রান্সফার ফির প্রয়োজন হবে না।
পগবার সম্ভাব্য বিদায়ের বিষয়টিকে মাথায় রেখেই তার যোগ্য বিকল্প হিসেবে ফ্রেঙ্কি ডি ইয়ংকে আনার চিন্তায় আছে ম্যানইউ।







