অবশেষে নিজের ফেসবুক পেজ খুললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ওবামার পক্ষ থেকে পেজটি খুলেছে হোয়াইট হাউস। এই পেজে সরাসরি প্রেসিডেন্টের পক্ষ থেকেই পোস্ট এবং কমেন্ট প্রকাশিত হবে।
এর আগে দীর্ঘদিন ধরে ‘অর্গানাইজিং ফর অ্যাকশন’ নামের একটি রাজনৈতিক সংস্থা ‘বারাক ওবামা’ নাম ব্যবহার করে একটি ফেসবুক পেজ চালাতো। সংস্থাটি প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার পক্ষে প্রচারকাজে নিয়োজিত ছিলো।
কিন্তু নতুন এই পেজে প্রেসিডেন্ট নিজে কথা বলবেন, নিজেই কমেন্ট করবেন।
ওবামার পেজ চালুর পর প্রথম পোস্টটি ছিলো একটি ভিডিও পোস্ট। ভিডিও এবং পোস্টে লেখা বক্তব্যের মধ্য দিয়ে ওবামা নিজস্ব পেজ পাওয়ার আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোবিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য আমেরিকান জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
ভিডিওতে ওবামাকে হোয়াইট হাউজের সাউথ লনে হেঁটে হেঁটে কথা বলতে দেখা যায়। পোস্টের প্রথমেই তিনি লেখেন, ‘হ্যালো ফেসবুক! অবশেষে আমি আমার নিজের একটা পেজ পেলাম। আশা করবো আপনারা একে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আপনাদের এবং আমাদের মধ্যে বাস্তব আলোচনার জায়গা হিসেবে দেখবেন – যেখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং আপনাদের গল্প ও চিন্তাধারা শেয়ার করতে পারবেন (কিছু হাস্যরসাত্মক জিনিসও এখানে থাকতে পারে)।’
খোলার পর থেকে মাত্র এক দিনেই ওবামার ফেসবুক পেজে লাইকের সংখ্যা প্রায় ৬ লাখে পৌঁছেছে।
বারাক ওবামার ফেসবুক পেজে যেতে ক্লিক করুন এখানে।
এর আগে গত মে মাসে হোয়াইট হাউস একটি টুইটার অ্যাকাউন্ট চালু করে ওবামার নামে। সেখানেও ফলোয়ারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন মার্কিন প্রেসিডেন্ট।






