ফেসবুকে ব্যবহারকারীদের কাছে প্রায় ৩ কোটি স্প্যাম ইমেইল পাঠানোর দায়ে আড়াই
বছরের কারাদণ্ডাদেশ পেয়েছেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অধিবাসী
স্যানফোর্ড ওয়ালেস। কারাবাস ছাড়াও ৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে তাকে।
স্প্যাম ইমেইলগুলো ফেসবুক ব্যবহারকারীদের ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে পাঠানো হয়েছিল।
‘স্প্যাম কিং’ নামে পরিচিত ৪৭ বছর বয়সী ওয়ালেস ২০০১ সালে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। এরপর তার বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে এফবিআই। ইমেইলের মাধ্যমে জালিয়াতি ও অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ এনে গত বছর তার বিরুদ্ধে মামলা হয় আদালতে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে জানানো হয়, ওয়ালেস ফেসবুক ব্যবহারকারীদের কাছে স্প্যাম ইমেইল পাঠানোর মাধ্যমে তাদের অ্যাকাউন্টের তথ্য বেআইনীভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রি করতেন।
তারপর তাদেরকে ধোঁকা দিয়ে অন্যান্য ওয়েবসাইটে তাদের পাঠিয়ে দেয়ার মাধ্যমে অর্থ উপার্জন করতেন। আবার সে সব অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদেরকেও একই ধরণের স্প্যাম মেসেজ পাঠাতেন।







