ফেসবুকসহ অনলাইনে যা ইচ্ছা লিখে ইতরামি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, ফেসবুক-অনলাইনে যার যা ইচ্ছা তাই লিখে চরম ইতরামি করা হচ্ছে। এজন্য তথ্য প্রযুক্তি আইন আছে, এর মাধ্যমে অনেকের জীবন বিপন্নও হবে। মিথ্যা একজন মন্ত্রীর বিরুদ্ধে যার যা কিছু লিখে দেবেন, তা মেনে নেওয়া হবে না।
ওই বিষয়ে ফেসবুকারদের খুব সতর্ক হয়ে লেখালেখির পাশাপাশি হুশিয়ার থাকারও পরামর্শ দেন মন্ত্রী। বুধবার বিকেলে নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এছাড়াও সৈয়দ মহসিন আলী রানা প্লাজার ঘটনার জন্য মিডিয়াকে দোষারপ করে বলেছেন, রানা প্লাজার ঘটনা প্রকাশের মাধ্যমে মিডিয়া বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করেছে। বারবার টেলিভিশনে খবর প্রকাশের জন্য আমেরিকা কোটা সিস্টেমে তুলে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের মাঝে দেশাত্ববোধ থাকলে এমনটি করা সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি বিশ্বব্যাংকের সমালোচনা করে বলেন, বিশ্বব্যাংক আমাদের সাথে বেইমানি করেছে। আমরা আজ নিজহেদের পয়সায় পদ্মা সেতু তৈরি করছি। আমাদের মধ্যে সে সাহস ছিলো বলে আজকে পদ্মা সেতুর কাজ শেষ হয় যাচ্ছে।
নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।







