ফেসবুকে বিরক্তিকর যা কিছু আছে, তার মধ্যে অন্যতম হলো অনাকাঙ্ক্ষিত অ্যাপ ও গেম রিকুয়েস্ট। বন্ধুদের পাঠানো ক্যান্ডি ক্রাশ সাগা, তিন পাত্তি কিংবা ফার্মভিলের রিকুয়েস্ট দেখে বিরক্ত হননি, এমন ব্যবহারকারী কমই পাওয়া যাবে। তবে অ্যাপ রিকুয়েস্ট পাঠিয়ে বিরক্ত করার দিন শেষ হলো বলে।
ফেসবুকের ডেভেলপার ব্লগে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, অ্যাপ কিংবা গেমের জন্য ফেসবুকের নতুন সফটওয়্যার ডেভেলপমেন্ট কিটে ইনভাইট করার ফিচারটি থাকছে না। ফলে যেসব অ্যাপ কিংবা গেমে নতুন এই সফটওয়্যার কিট ব্যবহার করা হবে, সেগুলোর জন্য একজন ফেসবুক ব্যবহারকারী তার বন্ধুদের কোনো রিকুয়েস্ট পাঠাতে পারবেন না।
তবে যেসব অ্যাপ এখনও পুরনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ব্যবহার করছে, সেগুলো থেকে এখনই এই বিরক্তিকর ফিচারটি সরছে না। ফেসবুক জানিয়েছে, পুরনো কিট ব্যবহারকারীদের আগামী বছরের ৬ ফেব্রুয়ারির মধ্যে নতুন ডেভেলপমেন্ট কিট যুক্ত করতে হবে।
এর আগে বিরক্তিকর অ্যাপ ইনভাইট থেকে মুক্তি দিতে অ্যাপ ব্লক করার সুবিধা চালু করেছিল ফেসবুক। এছাড়া চাইলে কোনো নির্দিষ্ট বন্ধুর কাছ থেকে সব ধরনের অ্যাপ ইনভাইট ব্লক করার সুবিধাও রয়েছে বর্তমানে।







