ফেসবুক’র ফ্রি ইন্টারনেট প্রকল্প ‘ইন্টারনেট.অর্গ’ এর সমালোচনা করে তা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন ইন্টারনেট তথা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারক টিম বার্নারস লি। উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারকারীদের স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে সীমিত সংখ্যক ওয়েবসাইট ও অ্যাপস ব্যবহারের সুযোগ দিলেও ওই প্রকল্প ইন্টারনেটের নিরাপত্তা নীতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন বার্নাস।
গার্ডিয়ান পত্রিকাকে দেয়া একটি সাক্ষাৎকারে বার্নাস বলেন, দ্রুত গতিতে বেড়ে ওঠা বাজার ব্যবস্থায় ব্যবহারকারীদের উচিৎ ওই প্রকল্পকে সরাসরি না বলে দেয়া। কারণ স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবহার ও খরচ কমানোর আরো অনেক উপায় আছে।
বার্নাস আরো বলেন, যখনই নিরাপত্তা ও নেট নিরেপেক্ষতার বিষয়ে কোনো ছাড় দেয়ার প্রসঙ্গ আসবে, তখনই আমি তা সরাসরি বাতিল করে দেবো।
তবে যতই সমালোচনা থাকুক ফেসবুকের প্রতিষ্ঠাতা মারক জাকারবার্গ তার প্রোগ্রামটির পক্ষ নিয়ে বলেছেন, এই প্রকল্পটি কোনোভাবেই গ্রাহকদের প্রাইভেসি ও নিরাপত্তা লঙ্ঘন করছে না। গতবছর চালু হওয়া ওই প্রকল্পটির সঙ্গে বহু মোবাইল কোম্পানি সম্পৃক্ত আছে এবং প্রায় ১৭টি দেশের কোটি কোটি মানুষকে কোনোরকম ডাটা চার্জ ছাড়াই বেসিক ইন্টারনেট সার্ভিস দেয়া হচ্ছে।
গ্রাহকদের প্রাইভেসি ও নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ফেসবুকের ওই প্রকল্পটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ভারতে ওই প্রকল্পের পার্টনারদের অনেকেই ওই প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।







