একাধিকবার প্যারোলে মুক্তি পেয়ে গেলেও এবার আদালতের কড়া প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলিউড তারকা সঞ্জয় দত্তের! ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলায় আদালতের প্রশ্নের মুখে পড়ে মহারাষ্ট্র সরকার ও জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানিয়েছেন, যদি সঞ্জয়ের প্যারোল বেআইনি বলে মনে হয়, তাহলে তাকে আবার জেলে পাঠানো যেতে পারে।
এর আগে এই ইস্যুতে পাঁচ বছরের জেল হয়েছিল সঞ্জয় দত্তের। কিন্তু প্রতি বারই প্যারোলে মুক্তি পেয়েছেন এই অভিনেতা। আর তাই এই নিয়ে প্রশ্ন ওঠে, ক্ষমতার দাপটেই কি এতদিন মুক্তি পেয়েছেন সঞ্জয়? এ প্রসঙ্গে জনস্বার্থ মামলাও দায়ের হয়। নির্দিষ্ট সময়ে মুক্তির আট মাস আগেই জেল থেকে ছাড়া পান তিনি।
মুম্বাই হাইকোর্টের তথ্য অনুযায়ী, সঞ্জয়ের এত ঘন ঘন প্যারোলে মুক্তি পাওয়ার কারণ জানতে চাওয়া হয় মহারাষ্ট্র সরকারের কাছে। তার উত্তরেই সঞ্জয়কে আবার জেলে পাঠানোর সম্ভাবনার কথা উঠে আসে।
এ দিন বিচারপতি আর এম সবন্ত এবং বিচারপতি সাধনা যাদবের ডিভিশন বেঞ্চ বলেন, আদালত শুধু জানতে চাচ্ছে, এই প্যারোল আইন মেনে হয়েছে কি না।
অন্য দিকে, সরকার পক্ষের আইনজীবী আশুতোষ কুম্ভাকনি জানিয়েছেন, বন্দিদের ভালো ব্যবহারের পুরস্কার হিসেবে প্যারোলের আবেদন মঞ্জুর করেন সরকার ও জেল কর্তৃপক্ষ। হাই প্রোফাইল বন্দি যদি নির্দিষ্ট সময়ের এক দিন আগেও মুক্তি পান, তাহলে তা নিয়েও বড় ইস্যু তৈরি হয়। টাইমস অব ইন্ডিয়া।







