‘ফেব্রুয়ারিতে দেশে আসছে ৫০ লাখ ডোজ অক্সফোর্ড ভ্যাকসিন’

A scientist in protective gear conducts experiments in a laboratory setting with advanced equipment. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী রুখতে প্রথম ধাপে ভারতের সিরাম ইনিস্টিটিউটের প্রস্তুতকৃত অক্সফোর্ডের ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ ভ্যাকসিনের চালানটি দেশে এসে পৌঁছাবে। বুধবার এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।
বিশ্বের সব থেকে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া স্থানীয় সহযোগী হিসেবে অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি তৈরি করছে।
ভারত থেকে ভ্যাকসিনের এ চালান দেশে আসবে জানিয়ে মান্নান বলেন: ফেব্রুয়ারি মাস নাগাদ ভারত থেকে ৫০ লাখ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। প্রাথমিকভাবে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও ২৫ লাখ ফ্রন্টলাইনার এ ভ্যাকসিন পাবে।
পর্যায়ক্রমে প্রাপ্তি সাপেক্ষে করোনা ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার মাস্টারপ্লান প্রস্তুত করছে বলেও জানান তিনি।
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৪০ মিলিয়ন ডোজ প্রস্তুত করেছে ‘সিরাম’। যুক্তরাজ্যে অনুমোদনের পর ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) আজ ভ্যাকসিনটি মানবশরীরে প্রয়োগের জন্য অনুমোদন দেবে বলে আভাস দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো।






