টেনিসে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে এই একটি নাম। তিনি রজার ফেদেরার। আন্দ্রে আগাসি থেকে জিমি কনর, বহু কিংবদন্তির রেকর্ড অবলীলায় ভেঙেছেন এই সুইস তারকা।
গত ১৮ বছর ধরে শাসন করছেন টেনিস বিশ্বকে। সেই রজার গত শনিবার নিজের পয়া টুর্নামেন্টে গড়েছেন আরও একটি নতুন রেকর্ড। এদিন জার্মান প্রতিপক্ষ মিচে জেভেরাভকে সরসরি সেটে হারিয়ে, গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে সর্বাধিক জয়ের রেকর্ড গড়েন রজার। ছাপিয়ে গেছেন সেরেনা উইলিয়ামসকে।
এতদিন গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে সর্বাধিক জয়ের রেকর্ড ছিল সেরেনা উইলিয়ামসের (৩১৬)।
গত বছর সেপ্টেম্বরে ফেদেরারের রেকর্ড ভেঙেই গ্র্যান্ডস্ল্যাম ম্যাচে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছিলেন সেরেনা। সেই সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এই রেকর্ড ধরে রাখতে পারবেন, নাকি ফেদেরার আরও একবার নিজের পুরনো রেকর্ড নিজের দখলে করে নেবেন?
প্রত্যুত্তরে সেরেনা বলেছিলেন, আমি জানি না। আশা করি আমরা দুজনেই নিজেদের লক্ষ্যে এগিয়ে যাব। আমারও যেমন নিজের কিছু পরিকল্পনা আছে, আশাকরি ফেদেরারেরও সেই রকমই কিছু পরিকল্পনা রয়েছে।
ফেদেরারের যে পরিকল্পনা ছিল তা পুরো উইম্বলডন জুড়ে এখন পর্যন্ত প্রমাণ করছেন। এবার দেখার সেরেনা নিজের পরিকল্পনা অনুযায়ী ফেদেরারের রেকর্ড আরও এক বার ভাঙতে পারেন কি না! আপাতত মাতৃত্বকালীন ছুটিতে কোর্টের বাইরে আছেন মার্কিন তারকা।









