আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে ছিলেন ২০১৪ বিশ্বকাপের পরই। এবার জার্মানির সাবেক অধিনায়ক ফিলিপ লাম জানিয়ে দিলেন, চলতি মৌশুম শেষেই ক্লাব ফুটবলকেও বিদায় জানাবেন তিনি।
বায়ার্ন মিউনিখের ঘরের ছেলে বলেই ফুটবল মহলে পরিচিত লাম। ক্লাবের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০১৮ পর্যন্ত। সেই চুক্তি আর বাড়াতে চান না তিনি। এবার পরিবারকে পুরোপুরি সময় দেবেন।
মঙ্গলবার রাতে জার্মান কাপের ম্যাচে উলফসবার্গের বিরুদ্ধে বায়ার্নের ১-০ গোলে জয়ের পর লাম সাংবাদিকদের জানিয়ে দেন আর টানবেন না ক্যারিয়ার। চলতি ২০১৬-’১৭ মৌশুমের শেষেই ফুটবল বুট তুলে রাখতে যাচ্ছেন।
বিশ্বকাপজয়ী জার্মান এই অধিনায়ক বলেন, ‘আর নয়। এই মৌশুমটাই শেষ। তারপরই অবসর নিয়ে ফেলছি।’
এদিকে কানাঘুষা চলছে, আগামী মৌশুমেই লামকে ক্লাবের নতুন স্পোর্টিং ডিরেক্টর পদে বসাতে চলেছে বায়ার্ন। যদিও নিজে কিছু স্পষ্ট করেননি লাম। শুধু বলেন, ‘আমিও শুনেছি। তবে এখনই ব্যাপারটি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিইনি।’







