আর্মি অফিসারের ইউনিফর্ম যেন ছাড়ছেই না ভিকি কৌশলকে। রাজি এবং উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকের পরে এবার মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে আর্মির ইউনিফর্ম পরিহিত ভিকি কৌশলকে। এই ছবিতে তিনি ফিল্ড মার্শাল স্যাম মানেকশ এর ভূমিকায় অভিনয় করছেন।
ফিল্ড মার্শাল স্যাম মানেকশ এর মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৭ জুন)। বিশেষ এই দিনে মানেকশ এর চরিত্রে কৌশলের লুক প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মানেকশের ভূমিকায় ভিকির লুকের ছবি প্রকাশ করে মেঘনা লিখেছেন, ‘সৈন্যের সৈন্য। জেন্টল ম্যানের জেন্টলম্যান। ফিল্ড মার্শাল স্যাম মানেকশ এর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছি। ভারতের সবচাইতে বড় একজন বীর যোদ্ধার গল্প বলার সুযোগ পাওয়াটা আমার সৌভাগ্য।’
একই ছবি শেয়ার করে ভিকি কৌশল লিখেছেন, ‘আমি সম্মানিত, আবেগআপ্লুত এবং গর্বিত স্যাম মানেকশ এর মতো একজন নির্ভীক, দেশপ্রেমিক, ফিল্ড মার্শালের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়ে।’
ছবির নাম এখনও ঠিক করা হয়নি। একটি অনুষ্ঠানে মেঘনা গুলজার জানিয়েছেন, ছবিটি মানেকশকে নিয়ে তৈরি হলেও এটা বায়োপিক নয়।
স্যাম মানেকশ ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশ-ভারত যৌথবাহিনীর প্রধান ছিলেন। এ যুদ্ধে যৌথ বাহিনী জয়ী হয়, পাকিস্তান ৯৩ হাজার সৈন্যসহ আত্মসমর্পণ করে। এর মাধ্যমেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের উত্থান ঘটে।
মানেকশ ভারতের মাত্র দুইজন সামরিক কর্মকর্তার একজন যারা সর্বোচ্চ সামরিক পদবী ফিল্ড মার্শাল অর্জন করেছেন। প্রায় ৪ দশক সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এর মধ্যে মোট চারটি যুদ্ধে অংশ নিয়েছেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধও অন্তর্ভুক্ত ছিল। ২০০৮ সালের ২৭ জুন ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।







