বিনোদন

ফিলিপাইনে আন্তর্জাতিক নৃত্য উৎসবে বাংলাদেশের ‘তুরঙ্গমী’

ফিলিপাইনে আন্তর্জাতিক নৃত্য উৎসবে বাংলাদেশের ‘তুরঙ্গমী’

আবারও আয়োজিত হতে যাচ্ছে বিশ্ব সেরা নাচিয়েদের বৃহত্তম আসর ড্যান্স এক্সচেঞ্জ। ফিলিপাইনে আয়োজিত আন্তর্জাতিক এই নৃত্য উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ‘তুরঙ্গমী’।

খবরটি নিশ্চিত করেছেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর পূজা সেনগুপ্ত। তিনি জানান, ফিলিপাইন সরকারের পক্ষ থেকে তুরঙ্গমীকে দেয়া সরাসরি আমন্ত্রণপত্রে জানানো হয়, ফিলিপাইনের রাষ্ট্রপতির আদেশক্রমে আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মত এবারও এপ্রিল এর শেষ সপ্তাহটিকে ফিলিপাইন এ ‘জাতীয় নৃত্য সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার  নাচের দলকে আমন্ত্রণ জানিয়েছে ফিলিপাইন সরকার। উতসবের প্রতিপাদ্য বিষয় ‘নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংযোগ’।

২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এই পাঁচ দিনব্যাপী উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধামাইল নাচের উপর বিশেষ কর্মশালা পরিচালনা করবেন পূজা সেনগুপ্ত। এছাড়া একাধিক মূলধারার অনুষ্ঠানে অংশ নেবে তুরঙ্গমীর শিল্পীরা।

গত বছরেও ‘ড্যান্স এক্সচেঞ্জ’-এ পূজা সেনগুপ্ত বাংলাদেশের আরতি নাচের উপর কর্মশালা পরিচালনা করেছিলেন। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার ফিলিপিনো নৃত্য প্রশিক্ষক। পূজা সেনগুপ্তর নেতৃত্বে আগামী ২৫ এপ্রিল তুরঙ্গমীর  তিন সদস্যের  দল ফিলিপাইন যাচ্ছে। দলের অন্য দুজন সদস্য হলেন সুস্মিতা লোপা ও লোপা অধিকারী।

বিশ্বব্যাপী বাংলাদেশের নাচ ও সংস্কৃতির প্রচার ও প্রসার এবং বাংলাদেশে  নাচের অঙ্গনে পেশাদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে ‘তুরঙ্গমী’। আন্তর্জাতিক এই আসরে তুরঙ্গমীর অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা  করছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও এসএমসি’র ব্র্যান্ড জয়া।

বিষয়:তুরঙ্গমী নৃত্যু পূজা সেনগুপ্ত ফিলিপাইন সংস্কৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…