নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানাতে তার নামে সঙ্গীত পদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে ২৮ জুলাই ফিরোজা বেগমের জন্মদিনে বিকেল ৪ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় ঢাবির বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে থাকবেন উপাচার্যসহ ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড-এর দাতা ও এসিআই ফাউন্ডেশন’র চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা।
আরও থাকবেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল, বিজনেস অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. লীনা তাপসী খান, নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সংগীত শিল্পী সুস্মিতা আনিসসহ ফিরোজা বেগমের পরিবারের সদস্যরা।








