ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শনিবার এই অস্ত্রোপচার করা হয়।
ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফার্গুসন এখন নিবিড় পর্যবেক্ষণে থাকলেও শঙ্কামুক্ত। সম্পূর্ণ সেরে উঠতে কিছুটা সময় লাগবে।
৭৬ বছর বয়সী এই স্কটিশ ২০১৩ সালের মে মাসে ম্যানইউর দায়িত্ব থেকে অবসর নেন। ক্লাবটিতে ২৬ বছরের ক্যারিয়ারে ৩৮টি ট্রফি জিতেছেন তিনি।
গত রোববার তিনি ম্যানইউতে এসেছিলেন, আর্সেনালের বিদায়ী কোচ আর্সেন ওয়েঙ্গারকে একটি স্মৃতিসারক তুলে দিতে।
ফার্গুসনের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কাছে চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফার্গুসনকে বলা হয় ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। ওল্ড ট্রাফোর্ডে তার ১৩টি প্রিমিয়ার লিগ, দুটি চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। এছাড়া এফএ কাপ জিতেছেন পাঁচবার, লিগ কাপ চারবার।







