নিজের দেশ ফাইনালে না থাকায় মনে কষ্ট থাকলেও পশ্চিম বঙ্গ ক্রিকেটের
হর্তাকর্তা হিসেবে ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে যেতে দেখে খুশিতে ডগমগ
সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
আজকের ফাইনালের একটি টিকিটও বিক্রি
হতে বাকি নেই। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতকে বিদায় নিতে হলেও
দর্শকদের আগ্রহ বিবেচনায় ফাইনালের উত্তেজনায় ভাটা পড়েনি একটুও।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এর প্রেসিডেন্ট সৌরভ ফাইনাল ম্যাচে টান টান উত্তেজনা থাকবে বলেই আশা করছেন। সাংবাদিকদের তিনি বলেন, একটি টিকিটও এখন অবশিষ্ট নেই। পুরো ভরপুর থাকবে স্টেডিয়াম।
আজকের খেলায় নিজের কোনো বিশেষ পছন্দ না থাকলেও সৌরভ মনে করেন, ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী দল।
তবে ম্যাচের ফলের চেয়ে তার সব চিন্তা এখন ফাইনালের মধুর সমাপ্তিকে কেন্দ্র করে। তারপরও এতো বড় একটি ম্যাচের দায়িত্ব গ্রহণকে খুব সাধারণ ঘটনা হিসেবেই দেখছেন গাঙ্গুলি।
‘এর আগে ভারত-পাকিস্তান ম্যাচ আমরা হোস্ট করেছি। আজকের ফাইনালেও নিশ্চয়ই বড় কোনো সমস্যা হবে না,’ বলেই মনে করেন মাঠের পর মাঠের বাইরেও ক্রিকেটে ইতিবাচক অর্থে দাদাগিরি দেখানো সৌরভ।








