বুধবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোকে সেমি থেকে বিদায় করে দিয়ে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনে রোজা ব্লাঙ্কোসদের কাছে ২-১ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামীতায় কার্ডিফের ফাইনালে লস ব্লাঙ্কোসরা। সেখানে দলটির প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এই প্রতিপক্ষকে ভালো করে চেনেন বলেই নিজেদের এগিয়ে রাখছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান। তার দলকে জুভেন্টাসের বিপক্ষে ফেভারিটও মনে করছেন না সাবেক ফরাসী ফুটবল তারকা।
জুভেন্টাসের হয়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন জিদান। পরে যোগ দেন তারকাবহুল রিয়াল মাদ্রিদে। নিজের অভিজ্ঞতা থেকেই জানেন তুরিনের বুড়িদের জালে বল ঢোকানো কতটা কঠিন, ‘রিয়াল মোটেও ফেভারিট নয়। বর্তমান জুভেন্টাস দলটির বিপক্ষে গোল করা বেশ কঠিন।’
রেকর্ডও সাক্ষ্য দিচ্ছে জিদানের কথার দিকেই। মোনাকোকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে জুভেন্টাস। মোনাকোর বিপক্ষে একমাত্র গোলটি এসেছে এমবাপের পা থেকে। এই গোলের আগে টানা ছয় ম্যাচে জাল গোলমুক্ত রেখেছেন জুভ গোলরক্ষক বুফন। মেসি-নেইমার-সুয়ারেজদের মত তারকাদের নিয়ে গড়া বার্সেলোনা রক্ষণও ভাঙতে পারেনি কিয়েল্লিনি-বারজাল্লি-বোনুচ্চিদের নিয়ে গড়া রক্ষণ।
রেকর্ড ১৫তম ফাইনালে ওঠার দিনে আরেকটি মাইলফলকে নাম লিখিয়েছে জিদানের দল। নগর প্রতিবেশীদের জালে বল জড়িয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬১টি ম্যাচে গোল করার বায়ার্ন মিউনিখের রেকর্ডে ভাগ বসিয়েছে লস ব্লাঙ্কোসরা।







