নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়াতে লড়ছে। ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে সফরকারীরা ওপেনার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে।
হ্যাগলি ওভালে লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। ইনিংস পরাজয় এড়াতেই এখনও করতে হবে আরও ৩২১ রান।
নাঈম শেখ ৮১ বলে এক চারে ১৫ রান ও মুমিনুল হক ৫ বলে ২ রানে অপরাজিত।
কিউইদের ৬ উইকেটে ৫২১ রানে প্রথম ইনিংস ঘোষণার পর ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখিয়ে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৯৫ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে।
প্রথম ইনিংসে ১১.২ ওভারে ২৭ রানে ৫ উইকেট হারানো অতিথিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। দুই ওপেনার সাদমান ও নাঈম স্বাগতিক পেসারদের সামলে সাবধানে ব্যাট চালাচ্ছিলেন।
সকালে পানি পান বিরতির আগেই সাদমান ভুল করে বসেন। জেমিসনের করা লেগ স্টাম্পের অনেক বাইরের বল অকারণে তাড়া করে বসেন। ব্যাটে লাগা বল বিপরীত দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতের ক্যাচে গ্লাভসে নেন উইকেটরক্ষক ব্লান্ডেল। থেমে যায় ৪৮ বলে ৩ চারে ২১ রানের প্রচেষ্টা।
আউট থেকে বেঁচেছিলেন শান্ত। অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন জেমিসন, মেরে বসেন খোঁচা। তৃতীয় স্লিপে থাকা ড্যারিল মিচেল দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডারের সামনে ঝাঁপিয়ে ক্যাচ নিতে গেলে সফল হননি।
আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা শান্ত লাঞ্চ বিরতির সাত মিনিট আগে ধৈর্য হারিয়ে বসেন। ওয়াগনারের লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল খেলতে যেয়ে খেসারত দেন। ফাইন লেগে বোল্ট দর্শনীয় ক্যাচে সফল হন। শান্ত ৩৬ বলে ৫ চার ও এক ছক্কায় ২৯ রানে সাজঘরে ফিরতে বাধ্য হন।








