আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী তালিকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দীনের নাম শোনা যাওয়ার বিষয়ে অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এগুলো ইউজলেস নেইম।’
সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার অঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডউই শেফারের সঙ্গে আলোচনা শেষে সম-সাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে দলের জন্য কাজ করতে চাই, করে যাব।
আপনার নির্বাচনী আসনে তিনজন প্রার্থীর কথা শোনা যাচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, প্রার্থীতো থাকবেই। সেখানে ৩ জনের নাম শোনা যাচ্ছে। মাই ব্রাদার, মেজবাহ উদ্দিন সিরাজ… আর কে?’
‘বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নামও শোনা যাচ্ছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো ইউজলেস নেইম।’
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার অঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডউই শেফারের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মুহিত বলেন, শেফারের সঙ্গে একটা ভালো আলোচনা হয়েছে। যার মধ্যে ছিলো উন্নয়ন ও অর্থের বিষয়। সরকার পরিবর্তন হলেও সংস্থাটি আমাদের পাশে থাকবে। তবে শেফারের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।
আগামী নির্বাচন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমি কনফিডেন্টলি বলতে পারি আমরা জয়ী হবো। আমরা আগামীতে আবার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার অঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডউই শেফার বলেন, আমরা কক্সবাজার সফর করে এসেছি। সেখানে অবস্থানরত সব রোহিঙ্গাদের জন্য সাহায্যের ব্যবস্থা থাকবে, যতদিন এটা সমাধান না হয়।







