নারায়ণগঞ্জের ফতুল্লায় মেঘনা ও যুমনা জ্বালানী তেলের ডিপোর পাশে ঋষিপাড়া বস্তিতে অগ্নিকান্ডে অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অগ্নিদগ্ধ একজনসহ আহত হয়েছে অন্তত ৫ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশের অবস্থিত মেঘনা ও যুমনা জ্বালানী তেলের ডিপোর পাশের বস্তিতে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ডিপো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে অর্ধশতাধিক বস্তিঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে প্রায় এক ঘন্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যান চলাচল বন্ধ থাকে। আগুনে নেভাতে গিয়ে চন্দ্র সেন নামের এক ব্যক্তি অগ্নিদগ্ধসহ আহত হয়েছে অন্তত ৫ জন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মো: আসাদুজ্জামান জানান, দুটি জ্বালানী তেলের ডিপোর সামনে আগুন লাগায় আমরা আতঙ্কে ছিলাম। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে স্বস্তি ফিরে আসে। তবে আগুনে একজন অগ্নিদগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো: মোমতাজ উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে আমাদের ৪ টি এবং ঢাকা থেকে আরো ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে তা বলা যাবে।







