একসময়ের জনপ্রিয় ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান কোডাক এবার ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে। ফটোগ্রাফারদের কথা মাথায় রেখে ‘কোডাক কয়েন’ নামের একটি ক্রিপ্টোকারেন্সি চালু করতে যাচ্ছে শতাধিক বছরের পুরনো এ মার্কিন প্রতিষ্ঠান।
এ ঘোষণাকে বেশ সাদরেই গ্রহণ করেছে কোডাকের শেয়ারহোল্ডাররা। যার প্রতিফলন দেখা গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্যে। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এদিন বৃদ্ধি পেয়েছে ১২৫ শতাংশ পর্যন্ত।
ক্রিপ্টকারেন্সি চালুর বিষয়ে কোডাকের প্রধান নির্বাহী জেফ ক্লার্ক জানান, ফটোগ্রাফারদের জন্য তাদের ছবির কপিরাইট এবং বিভিন্ন মাধ্যমে ব্যবহারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সমস্যা বিদ্যমান রয়েছে, তার সহজ সমাধান হতে পারে ক্রিপ্টকারেন্সি।
কোডাক জানিয়েছে, ফটোগ্রাফারদের ছবির কপিরাইট ব্যবস্থাপনার জন্য ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল লেজার ‘কোডাক ওয়ান’ ব্যবহার করবে। কেউ এই মাধ্যম ব্যবহার করে তাদের ছবি ব্যবহার করলে কোডাক ছবির কপিরাইট হোল্ডারকে কোডাক কয়েন ব্যবহার করে মূল্য পরিশোধ করবে।







