সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ফজিলাতুন্নেসা বাপ্পির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।
ওই কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।
ফজিলাতুন্নেসা বাপ্পি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ‘সেমিনার, ওয়ার্কসপ ও আলোচনা সভা আয়োজন’ উপকমিটির সদস্য ছিলেন।
কমিটির সভাপতি বলেন: ফজিলাতুন্নেসা বাপ্পি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কাজে বিশেষভাবে সম্পৃক্ত ছিলেন।
নবম ও দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক বলেছেন: তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতেন।
প্রধান সমন্বয়ক আরও বলেন: ফজিলাতুন্নেসা বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনজীবী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে মানবতাবিরোধী অপরাধের বিচারে সহায়তা করেছেন। তার কৃতিত্বপূর্ণ জীবন ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে।







