সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসকে যতো অল্পরানে আটকে রাখা যায় চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ততোটাই সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করেন ‘টিম-টাইগার্সের’ কিপার-ব্যাটম্যান লিটন কুমার। দেড়শ’ বা দুইশ’ রানের টার্গেট পেলে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট জেতা যাবে বলে মনে করেন তিনি।
ফতুল্লায় ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ৪৪ রানের ঝকঝকে ইনিংস। সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসেই ক্যারিয়ারের প্রথম ফিফটি। শুধু হাফ-সেঞ্চুরির মাইলস্টোনই নয়, সাকিবের সঙ্গে বড় পার্টনারশীপ গড়েই বাংলাদেশকে পাইয়ে দিয়েছেন লিড। তারুণ্যের জোরে উদ্ভাসিত তরুণ টাইগারের চোখে টেস্ট জয়ের স্বপ্ন।
আরও ভালো খেলার প্রত্যয় জানিয়ে লিটন বলেন, আমি যখন উইকেটের পেছনে থাকি তখন সর্বোচ্চ চেষ্টা করি নিজের সেরাটা দিতে। আবার যখন ব্যাটসম্যান হিসাবে খেলি তখনও নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করি। হয়তো প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছি, ইনিংসটা আরও বড় হতে পারতো। সামনে চেষ্টা থাকবে আরও ভালো করার।
এখন বোলারদের কাছ থেকে চাইছেন সেরা পারফরমেন্স। এই পিচে রান করা কষ্টের তাই যতো তাড়াতাড়ি প্রোটিয়াদের আটকে দেওয়া যায় ততোই জয় সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, এই পিচে এমনিতেই রান করা কষ্টকর। আমরা যদি তাদের আর দেড় থেকে দুইশ রানের মধ্যে আটকে ফেলতে পারি তাহলে জয়লাভ করা আমাদের জন্য সহজ হবে।
সাউথ আফ্রিকানদের উইকেট ফেলতে না পরার আক্ষেপও ছিলো তার কথায়, আজ যদি আমরা দু থেকে তিনটা উইকেট ফেলে দিতে পারতাম তাহলে কাজটা আমাদের জন্য সহজ হতো। তবে তা না হলেও এখন পর্যন্ত চট্টগ্রাম টেস্টে আমরা সুবিধাজনক অবস্থানে আছি। তবে এর জন্য বোলারদের আরও ভালো করতে হবে। যেনো অল্প রানের মধ্যেই ওদের আটকে দেওয়া যায়।
লিটনের মতো সায়মন হারমারও খেলছেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট। উইকেট শিকারে মুন্সিয়ানা দেখিয়ে যাচ্ছেন। টেস্ট র্যাঙ্কিং-এর সেরা দলের এই অফস্পিনারের কথা, লড়াইয়ে ফিরছে তার দল।
সায়মন হারমার লড়াইয়ে ফেরা প্রসঙ্গে বলেন, আপনারা জানেন উপমহাদেশের এই উইকেটে দুই থেকে তিন দিন খেলার পর স্পিনাররা বেশি সুযোগ পেয়ে থাকে। আজ বৃষ্টির জন্য শেষ সেশনের খেলা বেশিক্ষণ হয়নি। তবে আমরা খেলা ফিরে এসেছি। কাল দিনের প্রথম দুই সেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমানে সমান লড়ছে দুই দল। ম্যাচের চতুর্থ দিন তাই হয়ে উঠেছে দারুণ গুরুত্বপূর্ণ।
প্রোটিয়াদের প্রথম ইনিংসে ২৪৮ রানের জবাবে ৩২৬ রানে অলআউট টাইগাররা। ৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে দলীয় ৬১ রানের সংগ্রহ করে ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।





