তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় জামিনে থাকা ক্রিকেটার আরাফাত সানি ঢাকা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন এই বাঁহাতি স্পিনার। গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন সানি।
দলবদলের দ্বিতীয় ও শেষদিন বিকেলে শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে আসেন সানি। দোলেশ্বরে নাম নিবন্ধন করেই বেরিয়ে যান। সংবাদমাধ্যমের মুখোমুখি হতে রাজী হননি তিনি।
এবার শক্তিশালী দল গড়েনি দোলেশ্বর। ক্লাবটিতে সানি ছাড়া বড় নাম বলতে শাহরিয়ার নাফীস, মার্শাল আইয়ুব, সাইদ সরকার, হাবিবুর রহমান জনি ও আব্দুল মজিদ। পুলের কোন ক্রিকেটারও নেই তাদের দলে।
গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন তার স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা। গত ২২ ফেব্রুয়ারি সাভারের আমিনবাজার থেকে সানিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়। ১৭ দিন পর জামিন মেলে। গত ১৫ মার্চ রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সানি।







