চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে সিলিকন ভ্যালিভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ লোকসানের পরিমাণ ১৪৬ কোটি ডলার যা আগের প্রান্তিকে ছিল ১০৬ কোটি ডলার।
মূলত বিভিন্ন দেশে আইনি জটিলতা এবং নীতিগত সমস্যার মুখোমুখি হওয়ার কারণেই এই বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছে উবারের একটি সূত্র।
ওই সূত্র থেকে আরও জানানো হয়, তৃতীয় প্রান্তিকে উবারের মোট আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার যা আগের প্রান্তিকের তুলনায় ১৪ শতাংশ বেশি। এছাড়া এই তিন মাসে বেড়েছে বুকিংয়ের পরিমাণও যা আগের প্রান্তিকের চেয়ে ১১.৫ শতাংশ বেশি।
প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় আর্থিক প্রতিবেদন প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই উবারের। আর তাই এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করলেও এ বছরের শুরু থেকেই কিছু তথ্য প্রকাশ করতে শুরু করে উবার।
এ বছরটা খুব একটা ভালো যায়নি উবারের। সম্প্রতি ফাঁস হওয়া এক তথ্য থেকে জানা গেছে বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছিল উবার। হ্যাকাররা উবারের প্রায় ৫ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করেছিল। এ তথ্য গোপন রাখতে হ্যাকারদের এক লাখ ডলার দিয়েছিল উবার।








